এইমাত্র পাওয়া

অনিয়মের দায়ে বরখাস্ত হলেন প্রধান শিক্ষক মোহাসীন

যশোরঃ জেলার মণিরামপুরের মধুপুর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাসীন হোসেনকে আর্থিক দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। জানা যায়, অর্থ আত্মসাৎ, ম্যানেজিং কমিটির কাছে হালনাগাদ হিসাব না দেখানো, মুভমেন্ট খাতা ব্যবহার না করা, শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে অশালীন আচরণ, সাবেক সভাপতির স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে অর্থ আত্মসাৎ করা, পুরাতন বই-খাতা বিক্রি করে বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা না করা, চলতি মাসের ৫ তারিখে রাষ্ট্রীয় আইন অমান্য করে সরকার ঘোষিত শিক্ষক দিবস পালন না করা, সভাপতির আদেশ অমান্য করে পরিচালনা কমিটির মাসিক মিটিং না ডাকা, সভাপতিকে অপমান করে অশ্লীল ভাষায় কথা বলাসহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তিনি।

এ ছাড়াও ম্যানেজিং কমিটি চলতি মাসের ৫ তারিখে শোকজ করলে তার জবাব না দেয়াসহ নির্দিষ্ট কারণ উল্লেখ করে সভাপতি মো. শিমুল গাজীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রধান শিক্ষক মোহাসীন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে সভাপতি শিমুল গাজী জানান, বেশ কয়েকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহাসীন হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর অনুলিপি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, যশোর জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক, যশোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রদান করা হয়েছে।

জেলা শিক্ষা অফিসার মো. মাহাফুজুল হোসেন বলেন, সাময়িক বরখাস্তের অনুলিপি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.