নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরঃ শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার্থীরা হচ্ছে দেশের সবচেয়ে সচেতন ও সজাগ জনগণের অংশ। তারা যেন সব সময় চোখ-কান খোলা রাখে। কারণ এই বাংলাদেশটা তাদের। তারা এ দেশের বর্তমান ও ভবিষ্যৎ। তারা যেন এই অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে পারে।
শুক্রবার চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চাঁদপুর জেলার সমাবেশ শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত যেন কোনো সংকট ও সহিংসতা তৈরি করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত মানুষের ওপর অত্যাচার-নির্যাতন যেমন চালানোর চেষ্টা করে, তেমনি তারা দেশের ভাবমূর্তিও নষ্ট করে। এই অপশক্তিকে আমাদের সবারই রুখে দাঁড়াতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি মনে করি আমাদের তরুণেরা সবচেয়ে সজাগ ও সচেতন শ্রেণি। তারা যেন এ বিষয়ে অনেক বেশি সজাগ থাকে এবং যেকোনো মূল্যে যেন আমরা এই অপশক্তিকে সবাই মিলে প্রতিহত করতে পারি।’
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়াল ও চাঁদপুর জেলা কমান্ডার উজ্জল কুমার পালসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
