সাতক্ষীরাঃ জেলার কলারোয়ায় চাঁদা দিতে অস্বীকার করায় হাজী নাছিরউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমানসহ দুই শিক্ষককে মারধর করেছে একদল যুবক।
বৃহস্পতিবার কলারোয়া-খোরদো সড়কের ছলিমপুর একে খাঁন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আহত অধ্যক্ষ শফিউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে তিনি ও তাঁর সহকর্মী সহকারী অধ্যাপক হারুন-অর-রশীদ মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন। পথে একে খাঁন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ছলিমপুর গ্রামের খলিল সরদারের ছেলে মাহবুবুর রহমান, ইয়াসিন বিশ্বাসের ছেলে জুলফিকার আলী বাবু ও সাব্বির হোসেনসহ আরও কয়েকজন তাদের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারধর শুরু করে। এ সময় হারুন-অর-রশীদ বাধা দিলে তাঁকেও মারধর করা হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শফিউর রহমানের প্যান্টের পকেটে থাকা নগদ টাকা ও মোটরসাইকেলে থাকা ব্যাগে কলেজের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, ওই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে কলেজে গিয়ে নিয়োগ ও উন্নয়নমূলক কাজের বিষয়ে চাঁদা দাবি করে আসছে। তাদের চাঁদা না দেওয়ায় এ হামলা করা হয়েছে বলে ধারণা করছি। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।
মারধরের ঘটনায় অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
