ঢাকাঃ দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা পেলেন ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন তাকে ২০২৩ সালে দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
এদিন দুপুর ১২টার দিকে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের কনফারেন্স রুমে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুবউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জীবিতেষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টাইমস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. এ কে এম সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হিরক, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, শিক্ষক পারিষদের সম্পাদক রুমিয়া আক্তার, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল, প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম মিলন, কলেজটির বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষকরা।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন বলেন, আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। আজকের এই গুণীজনদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে।
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হিরক বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। ইউনেস্কো শিক্ষকগণকে যে সম্মান দিয়েছে, তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, শিক্ষকরা ক্যাডার বৈষম্য নিরসনে যে সংবাদ সম্মেলন করেছেন, তা যৌক্তিক।
প্রফেসর আলতাফ হোসেন বলেন, অবসরে যাওয়ার দীর্ঘদিন পরে কিছু শিক্ষার্থী এসে বলল, আমাদের বাবা-মা আপনার নিকট পাঠিয়েছে। একজন আদর্শ শিক্ষকের সঙ্গে দেখা করতে। আসলেই শিক্ষকতা একটি মহৎ পেশা।
ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক প্রফেসর এম এ সামাদ বলেন, আমার ছাত্র প্রফেসর কাজী গোলান মোস্তফা দেশের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে। এ কথা শুনে গর্বে আমার বুক ভরে গেছে।
অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম বলেন, প্রফেসর কাজী গোলাম মোস্তফা ফরিদপুরের নগরকান্দার ঝাটুরদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযোদ্ধার সন্তান। ১৯৭১ সালে তার বাবা পুলিশে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স ও এমএসসি পাশ করেন। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে প্রভাষক পদে তার কর্মজীবন শুরু হয়।
অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা বলেন, যারা আমাকে এই সম্মাননা দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। এসময় তিনি শিক্ষক দিবসে তাদের ন্যায্য অধিকারসহ আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবি জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
