বেতন বৈষম্য নিরসনে অর্থ মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ তালুকদারের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতারা। এ সময় ১৩তম গ্রেডে প্রাথমিক শিক্ষকদের বেতন যাতে না কমে সেই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন অর্থ সচিব। শুধু তাই নয়, বিভিন্ন ধাপে ধাপে প্রাথমিক শিক্ষকদের বাকি দাবিগুলোও পূরণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় শিক্ষক নেতাদের সাথে বৈঠকে তিনি এমন আশ্বাস দেন।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্র প্রত্যাখানের পর আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ তালুকদারের সাথে বৈঠক করেন শিক্ষক নেতারা। দুপুর ১২টায় শুরু হওয়া ওই বৈঠকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক মো.আনিসুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ শামসুদ্দীন মাসুদ, প্রধান মুখপাত্র মো. বদরুল আলম, প্রধান উপদেষ্ঠা আনোয়ারুল ইসলাম তোতা, মুখপাত্র এনএ সিদ্দিকি রবিউল, প্রধান সমন্বয়ক আতিকুল ইসলাম, সদস্য বেগম বাঁধন খান ববি উপস্থিত ছিলেন।
এ সময় তারা অর্থ সচিবের কাছে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও ১৩তম গ্রেডে প্রাথমিক শিক্ষকদের বেতন কমে যাওয়ার বিষয়টি উপস্থাপন করেন। পরে অর্থ সচিব তাদের দাবি মেনে নেন এবং ১৩তম গ্রেড রেখেই শিক্ষকদের বেতন বাড়ানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন। এছাড়াও পর্যায়ক্রমে বাকি দাবিগুলো মেনে নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
অর্থ সচিবের এমন আশ্বাসের পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতারা প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেনের সাথে বৈঠক করেন এবং অর্থ সচিবের সাথে বৈঠকের বিষয়টি তাকে অবগত করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন শিক্ষকদের দাবিগুলো সহজে বাস্তবায়নের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলেও আশ্বাস দেন। আর ওই কমিটিই অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগযোগ করে বেতন বৈষম্য নিরসনে কাজ করবে। এমন আশ্বাসের পর শিক্ষক নেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান মূখপাত্র মো. বদরুল আলম এডুকেশন বাংলাকে বলেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ তালুকদারের সাথে মঙ্গলবার দুপুরে বৈঠক হয়েছে। এ সময় ১৩তম গ্রেডে সহকারি শিক্ষকদের বেতন কমবে না বলে আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, ওই গ্রেডে রেখেই শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে বলেও আশ্বাস দিয়েছেন। পরে বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে আমরা জানিয়েছি।
তিনি বলেন, অর্থ সচিবের এমন আশ্বাসের পর শিক্ষকদের দাবিগুলো সহজে বাস্তবায়নের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। আর ওই কমিটিই অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বিষয়টি মিমাংসা করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
