এইমাত্র পাওয়া

আলোচিত স্কুলছাত্র রিফাদ হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

রাজবাড়ীঃ  অপহরণের পর মুক্তিপণ না পেয়ে চতুর্থ শ্রেণির ছাত্র আলোচিত রিফাদ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন রাজবাড়ী বিজ্ঞ আদালত। এ সময় আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলো রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকার রঞ্জিত কুমারের ছেলে রক্তিম, একই এলাকার দুলালের ছেলে রাসেল ও মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার আব্দুল মালেকের ছেলে রনি।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ৬ নভেম্বর দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে সজ্জনকান্দা এলাকার প্রবাসী মোক্তার মন্ডলের ছেলে স্কুলছাত্র রিফাদকে অপহরণ করে আসামিরা। এরপর ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চায়। মুক্তিপণ না পেয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে রিফাদকে। পরে সজ্জনকান্দা এলাকার ভৈরব শীলের বাড়ির টয়লেটের ট্যাঙ্কিতে মরদেহ লুকিয়ে রাখেন তারা।

এ ঘটনায় পুলিশ ফোন নম্বরের সূত্র ধরে আসামিদের গ্রেফতার করলে তদের স্বীকারোক্তি অনুযায়ী ওই বছরের ৯ নভেম্বর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, শিশু রিফাদকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক একটি সুন্দর রায় দিয়েছেন। এ রায়ে বিচারপ্রার্থী সঠিক বিচার পেয়েছেন। আমরাও আদালতের প্রতি সন্তুষ্টি প্রদান করেছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.