এইমাত্র পাওয়া

ভারি বর্ষণে পানির তলায় দিনাজপুর

দিনাজপুরঃ উত্তরের জেলা দিনাজপুরে কয়েকদিন ধরে বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ। গত ২৪ ঘণ্টায় মুষলধারে বৃষ্টিপাতের ফলে দিনাজপুরের অধিকাংশ রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। পানিতে ডুবে গেছে আমনের ক্ষেত। অপরদিকে জেলার প্রধান তিনটি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

রবিবার সকাল ৯টা পর্যন্ত ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণার কেন্দ্র।

এদিকে টানা বর্ষণে বিপাকে পড়েছেন প্রয়োজনের কাছে ঘর থেকে বের হওয়া মানুষেরা। যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম চলাচল করতে দেখা গেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, শুক্রবার দিনাজপুরে ২০ মিলিমিটার, শনিবার ২৩ মিলিমিটার ও রোববার সকাল ৯ টা পর্যন্ত ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপের ফলে বুধবার পর্যন্ত এরকম বৃষ্টিপাত চলমান থাকবে। তবে এখনও পর্যন্ত বন্যার পূর্বাভাস দেয়া হয়নি বলেও জানান তিনি।

এদিকে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দিনাজপুরের তিনটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। জেলার পুনর্ভবা নদীর বিপদসীমা ৩৩ দশমিক ০৫ যেখানে বর্তমান পানির পরিমাণ ৩১ দশমিক ৯৬। আত্রাই নদীর বিপদসীমা ৩৯ দশমিক ৫০ আর রোববার সকালে রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫৫। জেলার আরেক নদী ইছামতীর বিপদসীমা ২৯ দশমিক ৫০ রোববার সকালে ২৮ দশমিক ০০ রেকর্ড করা হয়েছে। রোববার সন্ধ্যা নাগাদ এসব নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৯/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.