চট্টগ্রামঃ জেলার এক গয়না ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের ২০ লাখ টাকা আনতে গিয়ে পুলিশের জালে আটকা পড়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। দুদকের এই কর্মকর্তার নাম কামরুল হুদা। তিনি দুদকের এএসআই হিসেবে কুমিল্লায় কর্মরত। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়।
শুক্রবার রাত ১০টার দিকে নগরীর পাঁচলাইশ এলাকার একটি রেস্তোরাঁ থেকে কামরুল হুদাকে আটক করে পুলিশ। তবে তাকে আটকের আগে দুদক ও পুলিশের মধ্যে বৈঠক হয়। নানা নাটকীয়তার পর কামরুলকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বেশ কিছুদিন আগে কামরুল নগরীর পরিমল ধর নামের এক গয়না ব্যবসায়ীকে জানান, তার বিরুদ্ধে দুদকে একটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগটি সমাধান করতে হলে ২০ লাখ টাকা লাগবে। সেই অনুযায়ী শনিবার রাতে পাঁচলাইশের একটি রেস্তোরাঁয় ঘুষের বিষয়ে কথা বলতে পরিমলকে ডাকেন কামরুল। পরিমল বিষয়টি আগেভাগে পুলিশকে জানিয়ে কামরুলের সঙ্গে কথা বলতে যান। পরে কামরুল পরিমলের সঙ্গে আলাপ করার সময় রেস্তোরাঁয় হাজির হয় পাঁচলাইশ থানা পুলিশের একটি দল। পরিমলের অভিযোগ পেয়ে কামরুলকে আটক করেন তারা।
কামরুলকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দুদক, চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা। পরে তারা পুলিশের সঙ্গে সেখানে বৈঠকে বসেন। দুদকের কর্মকর্তারা কামরুলকে নিজেদের কর্মকর্তা নিশ্চিত করলেও তার অপরাধের দায় প্রতিষ্ঠান নেবে না বলে জানান। এরপর কামরুলকে থানায় নিয়ে এসে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
কামরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, স্থানীয় এক গয়না ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে কামরুল হুদাকে আকট করা হয়েছে। এই ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে কামরুলের বিরুদ্ধে মামলা করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
