ঢাকাঃ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আগামী সোমবার পর্যন্ত দেশের ৮ বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দেশের উত্তরাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়।
পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার পর্যন্ত কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। রোববার ও সোমবারের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, এ দুই দিন রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, কাল রোববার তাপমাত্রা কিছুটা বাড়বে এবং সোমবার তা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি কমে আসবে এবং তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায়, ৩৩ দশমিক ৭ ডিগ্রি মোংলায়। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুর ও বান্দরবানে, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া একই সময়ে সবচেয়ে বেশি ১৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ডিমলায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
