নিজস্ব প্রতিবেদক।।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সহ-সভাপতি নাশরাত আর্শিয়ানা ঐশীর রুম সিলগালা করে দিয়েছে প্রশাসন। ঐশী হলের ২৮৮ নম্বর কক্ষে থাকতেন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ছাত্রলীগ নেত্রীর রুম সিলগালার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া। গত সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হল প্রশাসনের পক্ষ থেকে ওই রুম সিলগালা করা হয়। ঐশী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ফারজানা কাইয়ুম কেয়া বলেন, ‘আমাদের হলে একা থাকার কোনো নিয়ম নেই। ঐশী দীর্ঘ দিন ধরে তিন বেডের রুমে একা থেকে আসছিল। এ বিষয়ে তাকে অনেকবার অবহিত করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের অ্যালটমেন্টও দেওয়া হয়েছে, কিন্তু সে সবাইকে ভয় দেখিয়ে উঠতে দেয়নি।’
তিনি বলেন, ‘ঐশী হলের কোনো নিয়ম-কানুন মানতো না। হলে ঢোকার সময় রাত ১০টা হলেও সে প্রতিদিন রাত ১টার পরে হলে ঢুকতো। এ সবের পে্রক্ষিতে আমরা ওকে চিঠি দিয়েছিলাম। সে কোনো চিঠির উত্তর দেয়নি এবং আমাদের সঙ্গে দেখাও করেনি। বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জানিয়েছি।’
এ বিষয়ে ছাত্রলীগ নেত্রী নাশরাত আর্শিয়ানা ঐশী বলেন, ‘আগামী ১৮ সেপ্টেম্বর আমাদের রাবি ছাত্রলীগের ২৬তম সম্মেলন। সেখানে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি যেন পদে আসতে না পারি সেজন্য একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ইন্ধনেই আমার রুম সিলগালা করেছে হল প্রশাসন।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সভাপতি তাজরিন মেধা বলেন, ‘আমি প্রথমে বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। ঐশীর উচিত ছিল বিষয়টি প্রাধ্যক্ষ ম্যামের সঙ্গে বসে সমাধান করা। আমি যতটুকু জানতে পেরেছি ম্যাম ঐশীকে অনেকবার চিঠি দিয়ে দেখা করতে বললেও সে ম্যামকে এড়িয়ে যেত। একটা হলের নিয়ম থাকে তাকে সেই নিয়ম মেনেই চলতে হতো। ঐশী মনে করে আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। কিন্তু তার অবস্থান জানা উচিত। আমি একজন সভাপতি হয়ে তার বিরুদ্ধে কেন লাগতে যাব। এটি সম্পূর্ণ তার সঙ্গে হল প্রশাসনের ঝামেলা।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বলেন, ‘আমরা এ বিষয়ে অবগত আছি। হল প্রশাসন যেটা ভালো মনে করেছেন সেই সিদ্ধান্ত নিয়েছে। কেউ যদি নিয়ম না মেনে চলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
