বরিশালঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৫ জনে।
একই সময়ে নতুন আক্রান্ত ৪১৯ ডেঙ্গু রোগী বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে এক হাজার ১৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বরিশাল নগরীর কাউনিয়া এলাকার কাঞ্চন আলী (৬৩), সাগরদী এলাকার বাসন্তী (৫৫), বরিশালের বানারীপাড়া উপজেলার রুশিয়া (৫৭), বাকেরগঞ্জ উপজেলার আনোয়ারা বেগম (৭০), মেহেন্দিগঞ্জ উপজেলার মনোয়ারা (৫৫), বরগুনার আমতলী উপজেলার নুরুল আমিন (৫৫) ও পটুয়াখালীর গলাচিপার বাকের হাওলাদার (৮০)। এর মধ্যে বাকের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ছয়জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৪১৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বোচ্চ ৭৯ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৪৭ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এই দুই হাসপাতালে বর্তমানে ৩৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪৭, পটুয়াখালীতে ৫৯, ভোলায় ৪৬, পিরোজপুরে ৬৫, বরগুনায় ৬৭ ও ঝালকাঠিতে নয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৮ হাজার ১৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯৬০ জন। এদিকে চলতি বছর গোটা বিভাগে ৬৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪১ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে দুইজন, বরগুনায় পাঁচজন, পটুয়াখালীতে দুইজন, পিরোজপুরে পাঁচজন এবং ভোলায় হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য বিভাগের সকল সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
