খাদিজার মুক্তির দাবিতে জবিতে মানববন্ধন

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার নিঃশর্ত মুক্তি ও সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে উপাচার্য বরাবর স্মারকলিপি ও খাদিজার মুক্তির দাবিতে সংগ্রহ করা দুই হাজার শিক্ষার্থীর স্বাক্ষরের অনুলিপি প্রদান করেন তারা।

অসুস্থতার কারণে ছুটিতে থাকায় উপাচার্যের পক্ষে স্মারকলিপি ও স্বাক্ষরের কপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, খাদিজাতুল কুবরাকে বিনা বিচারে এক বছরের বেশি সময় ধরে আটক রাখা হয়েছে। খাদিজার মুক্তির দাবিতে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধা দিয়ে তাদের ন্যক্কারজনক আচরণ প্রদর্শন করেছে। তার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রণ প্রমাণ করে, খাদিজার প্রতি জুলুম করা হচ্ছে। খাদিজাকে মুক্তি দিতে হবে এবং সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

এ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে যাতে খাদিজার মতো জুলুমের শিকার হতে না হয়, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ বলেন, আমার একটাই কথা, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে খাদিজার মুক্তি চাই। তার শিক্ষাজীবন যেন ধ্বংস না হয়। একজন শিক্ষার্থীকে এভাবে দীর্ঘদিন বিনা বিচারে আটক রাখা মারাত্মক অন্যায়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.