এইমাত্র পাওয়া

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা ১৭ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক।।

– দাবি আপত্তি নিষ্পত্তি ১১ সেপ্টেম্বর
-ভোটকেন্দ্রের খসড়ায় ৮৫৯টি দাবি-আপত্তি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) করা ভোটকেন্দ্রের খসড়ার ওপর সারা দেশে মোট ৮৫৯টি দাবি-আপত্তির আবেদন জমা পড়েছে। বেশি দাবি আপত্তি জমা পড়েছে কুমিল্লা অঞ্চলে ১৯৮টি। আর গত ৩১ আগস্ট এই খসড়া ভোটকেন্দ্র নিয়ে দাবি আপত্তির সময় শেষ হয়েছে। দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ আগামী ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত করতে হবে বলে ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, এর আগে সারা দেশে সংসদ নির্বাচনের সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। খসড়ায় ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র নির্ধারিত হয়। ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুতের বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি এবার খসড়া তালিকা প্রণয়নের সময় ডিসি-এসপি ও শিক্ষাকর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়।

ইসি সচিবালয়ের নির্বাচন সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, দাবি-আপত্তি দেয়ার নির্ধারিত সময়ে ৮৫৯ দাবি-আপত্তি জমা হয়। প্রকাশিত খসড়ার ওপর দাবি-আপত্তি নেয়ার ৩১ আগস্ট ছিল শেষ দিন। দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ আগামী ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর। মাঠপর্যায়ের কমিটিকে নীতিমালা অনুসরণ করে ২৪ সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে তা ইসি সচিবালয়ে পাঠাতে হবে।

জানা গেছে, ইসির ১০ আঞ্চলিক নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দাবি আপত্তি জমা পড়েছে কুমিল্লা অঞ্চলে ১৯৮টি। আর সবচেয়ে কম দাবি আপত্তি এসেছে সিলেট অঞ্চলে ৪৫টি। এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলে ১২৪টি, ঢাকা অঞ্চলে ১১৫টি, রংপুর অঞ্চলে ৭৬টি, রাজশাহী অঞ্চলে ৭৬টি, খুলনা অঞ্চলে ৬২টি, বরিশাল অঞ্চলে ৬২টি, ফরিদপুর অঞ্চলে ৪৭টি এবং চট্টগ্রাম অঞ্চলে ৫৪টি দাবি-আপত্তি জমা পড়েছে।

এ দিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর আইন-বিধি অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করবে কমিশন। গেজেট প্রকাশ এবং সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পরও যদি কোনো ভোটকেন্দ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে থাকে তবে তা সরেজমিন যাচাই করবে রিটার্নিং কর্মকর্তা। একইসাথে জরুরি ভিত্তিতে কমিশনকে জানাবেন। কমিশন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে।

জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কক্ষের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২ লাখ ৬১ হাজার ৬৬৮টি। শতকরা হিসেবে এই সংখ্যা ২৬.২২ শতাংশ বা ৫৪ হাজার ৩৪৯টি। গত একাদশ সংসদ নির্বাচনে মোট ভোটকক্ষ ছিল ২ লাখ ৭ হাজার ৩১৯টি।

একাদশ সংসদ নির্বাচনে ৪০ হাজার ১৮৩টি কেন্দ্র থেকে বেড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার ৩৮০টির মতো। একাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বাড়ছে ২ হাজার ১৯৭টি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.