যশোরঃ জেলার চৌগাছায় মালয়েশিয়া প্রবাসী আলী রেজার হয়ে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি হিসাব বিজ্ঞান পরীক্ষায় দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন সুমন হোসেন নামে এক যুবক।
রবিবার সকালে চৌগাছা সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে আটক সুমনের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করেন চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব রফিকুল ইসলাম কবীর।
প্রবাসী আলী রেজা চৌগাছার তরিকুল ইসলাম পৌর কলেজের কারিগরি শাখার পরীক্ষার্থী। বর্তমানে তিনি মালয়েশিয়া রয়েছেন। আটককৃত সুমন আগেই এইচএসসি পাস করেছেন। পেশায় তিনি রাজমিস্ত্রি। রেজা ও সুমন উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের বড়কাবিলপুর গ্রামের বাসিন্দা।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, রোববার পরীক্ষা শুরুর পর প্রবাসী আলী রেজার হয়ে অন্য একজন প্রক্সি দিচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে প্রবেশপত্র চেক করতে বলা হয়। এতে ধরা পড়ে ওই প্রবাসীর হয়ে পরীক্ষা দিচ্ছেন সুমন। পরে তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ৩ ধারায় থানায় নিয়মিত মামলা করতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, তরিকুল ইসলাম পৌর কলেজের বিএম শাখার শিক্ষক মোস্তাফিজুর রহমান তাকে ভাড়া করে এনেছিলেন।
কেন্দ্র সচিব রফিকুল ইসলাম কবীর বলেন, সকালে পরীক্ষা শুরুর পর তাকে খাতাও দেওয়া হয়। পরে প্রবেশপত্র যাচাই করলে ছবির সঙ্গে তার চেহারা মেলেনি। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে আলী রেজা নামে অন্য একজনের হয়ে পরীক্ষা দিতে এসেছে। তরিকুল ইসলাম কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান তাকে আলী তাকে রেজার হয়ে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক করেছেন।
তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মুঞ্জুরুল ইসলাম লিটু বলেন, আমি শুনেছি পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর ওই ছেলেটি পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করেছে। অথচ পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর আর কেউ কেন্দ্রে প্রবেশ করার কথা নয়। এর দায় সম্পূর্ণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
