নিউজ ডেস্ক।।
প্রাকৃতিক দুর্যোগের কারণে ১০ দিন পিছিয়ে রোববার শুরু হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে এতে অংশ নিতে পারছে না ২৭ শিক্ষার্থী। তাদের দাবি, বোর্ড কর্তৃপক্ষের অবহেলার কারণে তাদের জীবন থেকে একটি বছর হারিয়ে গেল।
জানা গেছে, চট্টগ্রাম নগরের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, বেপজা কলেজ, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজ ও সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। পরে তারা নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে ফরম পূরণের জন্য আবেদন না করে অন্য তিন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনের চেষ্টা করে। সেই আবেদনে অসংগতি পায় বোর্ড কর্তৃপক্ষ।
যেই তিন কলেজের মাধ্যমে ওই শিক্ষার্থীরা ফরম পূরণের আবেদন করে তার একটি চট্টগ্রাম বিজ্ঞান কলেজ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জাহেদ খান বলেন, ‘গত ১৭ আগস্ট পরীক্ষা শুরু হলে এই ২৭ শিক্ষার্থী অংশ নিতে পারত। বন্যার কারণে পরীক্ষা ১০ দিন পেছানো হয়েছে। এই সুযোগে আপিল করেছে বোর্ড কর্তৃপক্ষ। তারা এসব শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার যে কথা বলছে, তা সঠিক নয়।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক জাহেদুল হক বলেন, ‘নিয়ম অনুযায়ী যে কলেজের শিক্ষার্থী, সেই কলেজের মাধ্যমেই পরীক্ষার ফরম পূরণ করতে হবে। কিন্তু ২৭ শিক্ষার্থী তা করেনি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
