এইমাত্র পাওয়া

ডিজিটাল ডাটা সোনার চেয়েও দামি: টেলিযোগাযোগমন্ত্রী

নিউজ ডেস্ক।।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ফলে কাগজের তথ্য এখন ডাটায় রূপান্তরিত হচ্ছে। তাই ডিজিটাল ডাটা এখন সোনার চেয়েও দামি। মূল্যবান ডাটা সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা জরুরি। ডাটা সংরক্ষণ ও সুরক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল দক্ষতা অর্জনের পাশাপাশি এ বিষয়ে সচেতনতা তৈরিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।

সোমবার রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ক্লাউড কম্পিউটিং বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশে এক সময় ক্লাউড বলতে কোনো ধারণা ছিল না। এখন সবকিছু ডিজিটাল হয়ে গেছে, এখন ক্লাউডের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের এসব বিষয়ে জ্ঞান থাকা জরুরি। এ কারণে সাংবাদিকদের জন্য এমম কর্মশালা অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যেকের জন্য ডিজিটাল দক্ষতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। তরুণ সাংবাদিকরা ডিজিটাল দক্ষতা অর্জনের এ কর্মশালার মাধ্যমে নিজেদের আরো স্মার্ট হিসেবে গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশকে এগিয়ে নিতে কার্যকর অবদান রাখবেন।

ক্লাউড কম্পিউটিংয়ের গুরুত্ব প্রসঙ্গে মোস্তাফা জব্বার বলেন, ডাটা আমাদের ব্যবহার করতেই হবে। এটি আমাদের সম্পদ। সুতরাং এটি যেখানে রাখতে হবে সেই জায়গাটি হতে হবে নিরাপদ। ডাটা সংরক্ষণ ও সুরক্ষায় ক্লাউড কম্পিউটিংয়ের গুরুত্ব অপরিসীম।

এ সময় উপস্থিত ছিলেন- টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সেক্রেটারি মাসুদুজ্জামান রবিন, ওপেনস্ট্যাক বাংলাদেশের কান্ট্রি অর্গানাইজার মোবারক হোসাইন প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.