এইমাত্র পাওয়া

নন-ক্যাডার পদে ৪৩২২ জনকে নিয়োগ দিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক।।

৪০তম বিসিএসে নন-ক্যাডার পদে ৪ হাজার ৩২২ জনের নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) ১৫৬ পদে নিয়োগ স্থগিতই থাকবে। গতকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, সাথে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আর এলজিইডির পক্ষে ছিলেন সাঈদ আহমেদ রাজা।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, ৪০তম বিসিএসের নন ক্যাডার নিয়োগে প্রক্রিয়াধীন ছিল। এ অবস্থায় এলজিইডি তাদের ১৫৬টি পদ প্রত্যাহারের জন্য পিএসসির কাছে আবেদন করে। কিন্তু তাদের আবেদনটি বাতিলের জন্য সিভিল ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা হাইকোর্টে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ১৫৬ পদে নিয়োগ বাতিলের আবেদনটি স্থগিত করেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এলজিইডির আপিল দায়ের করলে চেম্বার আদালত সেটা স্থিতিবস্থা জারি করেন।

চেম্বার আদালতের এ আদেশের ফলে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়। যেটি হলো ৪৪৭৮ পদে নিয়োগ প্রক্রিয়াটাই আটকে যায়। এ কারণে এলজিইডির বাইরে অন্যান্য বিভাগের ২২৫ জন আপিল বিভাগে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে আপিল আদালত চেম্বার আদালতের স্থিতিবস্থা সংশোধন করে শুধু ১৫৬ পদের স্থিতিবস্থা বহাল রেখেছেন। এর ফলে বাকি ৪ হাজার ৩২২ পদে নিয়োগে আর কোনো বাধা রইল না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.