এইমাত্র পাওয়া

রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ বহিষ্কার ৪

নিউজ ডেস্ক।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি এবং চাঁদাবাজির অভিযোগে চারজনকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ।

আজ শনিবার (১৯ আগস্ট) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ কর্মী মহিবুল মমিন সনেট ও শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হলো।’

‘প্রক্সির’ টাকা না দেওয়ায় শিক্ষার্থীকে তুলে নিল ছাত্রলীগ নেতারা এর আগে গত বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা তন্ময়সহ বহিষ্কৃত চারজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, অপহরণ এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ ওঠে।

এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার তাদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় দুটি মামলা করা হয়। যদিও ওইদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন ছাত্রলীগ নেতা তন্ময়।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রক্সির মাধ্যমে পাস করে আহসান হাবীব।

পরে চুক্তির টাকা শোধ না করায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এলে ওই চক্র আহসান হাবীবকে তুলে নিয়ে একটি হলে আটকে টাকা দাবি করে বলে অভিযোগ উঠেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.