সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

সিরাজগঞ্জঃ জেলার উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়নের কুঠিপাড়া এলাকার তাড়াশ-সলঙ্গা সড়কে সিএনজি টেম্পু ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাঈম আহমেদ (১৯) নামে পলিটেকনিক কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়াও এতে তার বাবা মাজহারুল ইসলামসহ ৪জন আহত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম আহমেদ তাড়াশ পৌর সদরের ভাদাশ মধ্যপাড়া গ্রামের তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিকের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী জানান, এদিন সকালে সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম ও তার ছেলে নাঈম আহমেদ তাড়াশ থেকে সিএনজি টেম্পু যোগে হাটিকুমরুল গোলচত্বরে যাচ্ছিল। তারা কুঠিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবার পাশে বসে থাকা নাঈম ঘটনাস্থলেই নিহত হন এবং বাবা মাজহারুল ইসলামসহ ৪জন আহত হয়।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত লাশ উদ্ধার ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বাঘাবাড়িগামী ট্রাকের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা লেগে ১ জন নিহত ও ৫ জন আহত হয়।

নিহত মোটরসাইকেল আরোহী হাসান (২৫) পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রামের ইব্রাহিমের ছেলে। আহতরা হলেন, একই এলাকার ইয়াকুব সরকারের ছেলে নয়ন (২০), আক্কাস খানের ছেলে হৃদয় (১৮), আল মাহমুদের ছেলে সাগর (১৮), নিফাজের ছেলে জামিল (১৭) এবং মিঠুন (২২)।

স্থানীয়রা জানান, এদিন বিকেলে ২ মোটরসাইকেলে ৬জন বনগ্রাম থেকে শাহজাদপুরের রেশমবাড়ি লো-হাইট সড়কের ওপর বন্যার পানিতে বেড়াতে আসে। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ফিরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ও নিহতের লাশ উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই এখলাছুর রহমান জানান, দুই মোটরসাইকেলের গতি অতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.