নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুর মহানগরীতে অবস্থিত ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদ শূন্য ঘোষণা করা হয়। এ কারণে এনটিআরসিএ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদে শিক্ষক নির্বাচিত করে নিয়োগের জন্য পাঠায়। তবে নির্বাচিত শিক্ষক বিদ্যালয়ে এসে জানতে পারেন, তার পদে অন্য শিক্ষক রয়েছেন; যার এমপিও কর্তন হয়নি। এতে নতুন শিক্ষক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন।
ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক পদে আছেন মোছা. নুরজাহান খাতুন (ইনডেক্স নম্বর-N1068540)। তিনি দীর্ঘ দিন ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। সরকারি বেতন-ভাতাও পাচ্ছিলেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে অডিটে আসলে তার নিবন্ধন সনদ জাল প্রমাণিত হয়। পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেন ওই শিক্ষকের এমপিও কর্তনের। প্রধান শিক্ষক গত ৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপপরিচালক বরাবর শিক্ষক নুরজাহানের এমপিও কর্তনের আবেদন করেন। তবে তার এমপিও কর্তন হয়নি। ফলে প্রতি মাসে তার নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা হচ্ছে।
অগ্রণী ব্যাংকের নন-ড্রয়াল ব্যাংক সনদ থেকে জানা যায়, সহকারী শিক্ষক নুরজাহান খাতুন ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি অংশের বেতন ভাতা উত্তোলন করেন। এরপর ওই হিসাব থেকে আর বেতন উত্তোলন করেননি। এরপর থেকে তিনি বিদ্যালয়ে কোনো ক্লাসও নেননি। ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী কম্পিউটার ক্লাস হতে বঞ্চিত হচ্ছে।
এদিকে এমপিও কর্তন না হলেও প্রধান শিক্ষক শূন্য পদ দেখিয়ে শিক্ষক চাহিদা দেখিয়েছেন। পরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৬তম নিবন্ধন ব্যাচের প্রার্থীকে শিক্ষক নির্বাচিত করে নিযোগের জন্য পাঠিয়েছে। এখন নির্বাচিত শিক্ষক বিদ্যালয় গিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তিনি যোগদান করবেন কি-না সেই বিষয়েও প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সঙ্গে একাধিকবার কথা বলেছেন কিন্তু সঠিক জবাব পাননি।
প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাদের যিনি শিক্ষক ছিলেন, তিনি দুই বছর ধরে স্কুলে আসেন না। দুই বছর ধরে তিনি বেতনও উঠাননি৷ আমি তার এমপিও কর্তনের জন্য আবেদন করেছিলাম কিন্তু সেটাও স্থগিত আছে। এখন শূন্য পদে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি যোগ দিলেও তার বেতন হবে না৷ ওই শিক্ষকের এমপিও কর্তন হলে তবেই তিনি বেতন পাবেন।’
গাজীপুর জেলা শিক্ষা অফিসার লায়লা খানম বলেন, ‘আমি অসুস্থ, সুস্থ হয়ে আপনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব।’রাইজিং বিডি
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
