এইমাত্র পাওয়া

স্কুলের শিক্ষার্থী ৩, পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক।।

যশোর শিক্ষা বোর্ডের তিন স্কুলের কোনো শিক্ষার্থীই এবার এসএসসিতে পাস করেনি। এরমধ্যে রয়েছে নড়াইল সদর উপজেলার তালতলা-মূলদাইড় মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল মাত্র তিন শিক্ষার্থী। তারা কেউই পাস করতে পারেনি।

তালতলা গ্রামের বাসিন্দা জাহিদ মোল্যা জানান, ১৯৯৭ সালে স্কুলটি স্থাপিত হয়। সে সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল বেশ। তবে দীর্ঘদিন চেষ্টার পরও স্কুলটি এমপিওভুক্ত না হওয়ায় ক্ষোভে একে একে স্কুল ত্যাগ করেন প্রায় সব শিক্ষক। একই সঙ্গে কমতে থাকে শিক্ষার্থীদের সংখ্যাও।

ওই এলাকার আরেক বাসিন্দা মো. ডাবলু বলেন, এখন স্কুলে মাত্র পাঁচজন শিক্ষক রয়েছে। তাদের নেই কোনো বেতন-ভাতা। ফলে পড়ালেখাও তেমন হয় না। স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। শিক্ষক সংকট ও পড়ালেখার ভালো পরিবেশ না থাকায় এলাকার শিক্ষার্থীরা চলে যাচ্ছে বাইরের স্কুলে।

ফলাফলের বিষয়টি স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম ফকির বলেন, গত কয়েকবছর স্কুল থেকে যারা পরীক্ষা দিয়েছে তার প্রায় শতভাগ পাস করেছে। তারপরও স্কুল এমপিওভুক্ত হয় না। বিনা বেতনে কে কতদিন শ্রম দেবে। আর শিক্ষার্থীরাও এ স্কুলে তেমন আসতে চায় না।

যশোর শিক্ষা বোর্ডের তিন স্কুলের কোনো শিক্ষার্থীই এবার এসএসসিতে পাস করেনি.

এদিকে নড়াইলের এই বিদ্যালয়সহ যশোর বোর্ডের তিনটি বিদ্যালয়ের সবাই ফেল করায় এসব শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।

নড়াইল জেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী  বলেন, এই ডিজিটাল যুগে শতভাগ ফেল মেনে নেওয়া যায় না। তবে শিক্ষার্থী মাত্র তিনজন হওয়ায় এবং শিক্ষকরা বেতন না পাওয়ায় এ সমস্যা হয়েছে। আমরা চেষ্টা করবো নড়াইলে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.