এইমাত্র পাওয়া

নোয়াখালীতে একদিনে ছয় শিশুর মৃত্যু

নোয়াখালীঃ জেলার কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় পানিতে পড়ে একদিনে ছয় শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে কবিরহাটের চাপরাশিরহাট, কোম্পানীগঞ্জের গাংচিল, সুবর্ণচরের থানারহাট ও হাতিয়ার নলচিরা ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো—কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বরপুর গ্রামের আবু নাছেরের ছেলে রিশাদ (৯) ও রিশান (৭), কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর (৩) এবং হাতিয়ার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রিয়াজের মেয়ে নিহা আক্তার (৫)। এ ছাড়া সুবর্ণচর উপজেলার থানারহাট এলাকার সহোদর দুই বোন রিয়া মনি (১২) ও দিয়া মনি (১০)।

কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু বলেন, ‘দুপুর ১টার দিকে মানসিক প্রতিবন্ধী বড় ভাই রিশাদ পুকুরের ঘাটে পা পিছলে পড়ে যায়। এ সময় ছোট ভাই রিশান তাকে তুলতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। এতে দুই জনের মৃত্যু হয়।’

কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক বলেন, ‘দুপুরে বাড়ির সবার অজান্তে গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর পানিতে পড়ে মারা যায়।’

হাতিয়ার নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মনছুর উল্যাহ বলেন, ‘বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় নিহা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ রিয়া মনি ও দিয়া মনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে দুই শিশুর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত দুই দিনে নোয়াখালীর সুবর্ণচর ও সেনবাগে পানিতে পড়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.