এইমাত্র পাওয়া

হিরো আলমের ওপর দফায় দফায় হামলা

ঢাকাঃ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জনসংযোগ পরিচালনার সময় প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জুলাই) রাজধানীর মহাখালী সাততলা বস্তি এলাকায় উপনির্বাচনের জনসংযোগ চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে।

বেলা ১২টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইসিডিডিআরবি) গেট সংলগ্ন সাততলা বস্তির প্রবেশ মুখ থেকে জনসংযোগ শুরু করেন একতারা প্রতীকের প্রার্থী হিরো আলম। এ সময় ২০-২৫ জন নারী সদস্যের একটি দল তাকে বস্তিতে প্রবেশে বাধা দান করে।

বস্তির বসিন্দা দাবিদার কয়েকজন কিশোর ও একাধিক ব্যক্তিও এ সময় হামলায় অংশ নেয়। দফায় দফায় হামলার এক পর্যায়ে আইসিডিডিআরবি কমপ্লেক্সে আশ্রয় নেন হিরো আলম। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম।

হামলার ফলে জনসংযোগ স্থগিত ঘোষণা করে বিচার চাইতে তাৎক্ষণিক নির্বাচন কমিশনে যাওয়ার ঘোষণা দেন তিনি। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী দাবি করে হিরো আলম বলেন, ‘সাততলা বস্তি এলাকায় জনসংযোগের সময় আমার ওপর মহিলা বাহিনী দিয়ে হামলা চালানো হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এই হামলা প্রমাণ করেছে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না। ’

অপরদিকে নিজেকে স্থানীয় কাউন্সিলর মো. নাসিরের অনুসারী দাবি করে হামলায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘হিরো আলম আমাদের ওপর আগে হামলা করেছেন, আমরা প্রতিহত করছি। তিনি একজন টিকটকার, তিনি এমপি ইলেকশনের কী বুঝেন? তার কী যোগ্যতা আছে এমপি ইলেকশন করার। ’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.