ঢাকাঃ ঘুষ নেওয়ার অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের (সিএএফও) কার্যালয়ের অডিটর সাইদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অডিটর সাইদুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে কর্মচারীদের বেতন-বোনাস বিল পাসের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৈনিকভিত্তিক কর্মচারীদের বেতন ও বোনাস আটকে রাখার অভিযোগ ওঠে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি দ্রুত কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
সূত্র জানায়, সাইদুলের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সিএএফওকে জানায়। সিএএফও থেকে তাৎক্ষণিকভাবে অডিটর সাইদুল ইসলামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে এ বিষয়ে অনুসন্ধানের পদক্ষেপ নেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সিএএফওতে অভিযোগ জানালে সাইদুল তার অপরাধের জন্য ক্ষমা চান এবং এ ধরনের অপরাধ না করার অঙ্গীকার করেন।
সূত্র আরও জানায়, অডিটর সাইদুলের বিরুদ্ধে দৈনিকভিত্তিক কর্মচারীদের বেতন-বোনাস আটকে রাখা ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের বিল আটকে রাখারও অভিযোগ রয়েছে। বিলগুলো নানা অজুহাতে আটকে রেখে তিনি ঘুষ দাবি করতেন। অনেকে ঘুষ দিয়ে বিল ছাড়াতে বাধ্য হতেন। সাইদুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বেতন ও ঈদ বোনাসের টাকা জনপ্রতি ১০০ টাকা না দিলে বিভিন্ন অজুহাতে তা আটকে রাখেন এবং অন্যান্য প্রতিটি বিলে ২ শতাংশ ঘুষ না দিলে তা ছাড় দেন না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
