নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা পবিত্র ঈদুল আজহার পূর্বে ঝুঁকিভাতা পেলেন। ঈদুল আজহাকে সামনে রেখে এই ভাতা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বর্তমান প্রশাসন ঝুঁকিভাতা চালু করেছে। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও তাঁরা ঝুঁকিভাতা পেয়েছিলেন ‘ সরেজমিনে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গিয়েছে, ঈদের সামনে ঝুঁকিভাতা পেয়ে নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের মাঝে আনন্দ উল্লাস চলছে।
বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীদেরমাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঝুঁকিভাতা পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। একই সাথে ঝুঁকিভাতাপ্রাপ্ত সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের গতিশীল ও বহুমাত্রিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে উৎসাহের সঙ্গে বেশি বেশি কাজ করার অঙ্গীকার করেছেন। এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের ঝুঁকিভাতা দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো।’
উল্লেখ্য, ইতিমধ্যে কয়েকটি প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আসলেও তা শুধু আশ্বাসের মাধ্যমেই সীমাবদ্ধ ছিলো। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ২০২১ সালের ২৯ মার্চ দায়িত্বভার গ্রহণ করার পর অনেক কিছুই বাস্তবায়ন করেছেন যা এর আগের কোনো উপাচার্য করেননি। নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের ঝুঁকিভাতা চালু করা একটি অনন্য ও অসাধারণ উদ্যোগ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
