এইমাত্র পাওয়া

এবার ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ গত ঈদের চেয়ে এবারের ঈদ যাত্রা চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি শনিবার (২৪ জুন) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শন এবং সচেতনতা মূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, গতবারের চেয়ে এবার ঈদ যাত্রা চ্যালেঞ্জিং হবে এটা সবাইকে মাথায় রাখতে হবে। গতবার ছিল মহাসড়কে শুধু যাত্রী সাধারণকে গন্তব্যে পার করা। এবার একদিকে যাত্রীরা গন্তব্যে যাবেন অন্যদিকে পশুবাহী ট্রাক, পশুবাহী নৌকা যাতায়াত করবে রাস্তাঘাট ও নদীতে। এর সাথে ফলবাহী যানবাহন আসবে, এগুলোকে আটকানো যাবে না। সব কিছু বিবেচনায় রেখে আমরা আশ্বস্ত করতে চাই, সরকার এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রকৌশলী ও রাস্তাঘাটের সঙ্গে যারা জড়িত তাদের সবার সাথে বৈঠক হয়েছে, জেলায় জেলায় জেলা প্রশাসকগণ বৈঠক করেছেন। আমরা একযোগে কাজ করছি।

পুলিশ মহাপরিদর্শক বলেন, নির্ধারিত সময়ে সাধারণ মানুষ যেন গন্তব্যে যেতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে একসাথে কাজ করছে।

এসময় তার সঙ্গে হাইওয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শাহাবুদ্দিন, গাজীপুর পুলিশ কমিশনার মাহবুব আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাল টাকার বিস্তাররোধ এবং অজ্ঞান পার্টির তৎপরতা বন্ধে নানা উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, প্রতিটি মার্কেটে জাল টাকা শনাক্তকরণে যে মেশিন সেই মেশিন আমাদের কাছে থাকবে। কারো সহযোগিতা প্রয়োজন হলে আমরা সেবা দিতে প্রস্তুত রয়েছি। জাল টাকার জড়িতদের গ্রেফতারসহ আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। টাকা পরিবহনে সমস্যা হলে সেখানেও পুলিশ সহায়তা করবে।

গাজীপুর মেট্রোপলিট পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, টঙ্গী ব্রিজ হতে রাজেন্দ্রপুর অংশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতি দিন গড়ে প্রায় ৫০-৬০ হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এছাড়াও, অন্যান্য মহাসড়ক ও আঞ্চলিক সড়কে বিপুল সংখ্যক গণপরিবহন ও পণ্য পরিবহনকারী যানবাহন চলাচল করে। এ অবস্থায় মহাসড়কে যানজট নিরসনে বিপুল সংখ্যক অটোরিকশা, ইঞ্জিন বিহীন যানবাহন আটক করে ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়েছে। এতে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ হওয়ায় যানজট অনেকাংশে কমে গেছে। এছাড়া টঙ্গীর কলেজ গেইট থেকে হাউজবিল্ডিং পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহানগরের আওতাধীন মহাসড়ক তিনটি সেক্টরে ভাগ করে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.