একই সিলেবাসে ২০২৩ ও ২৪ সালের এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস করা সিলেবাসে নেওয়া হবে। এই সিলেবাসের অনুরূপ সিলেবাসেই অনুষ্ঠিত হবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা।

মঙ্গলবার (২০ জুন) বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম  বলেন, ‘২০২৩ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পুনর্বিন্যাস করা সিলেবাসে। আগামী ২০২৪ সালের পরীক্ষাও অনুরূপভাবে নেওয়া হবে।’

প্রসঙ্গত, পুনর্বিন্যাস করা সিলেবাসে ১০০ নম্বরের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে এ বছর।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘২০২৩ সালে যে ধরণের সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে, অনুরূপ সিলেবাসে অনুষ্ঠিত হবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা।’

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান, বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ, কারিগরি অধিদফতরের মহাপরিচালক মো. মহসিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.