নীলফামারীঃ প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিং। এতে অফিসে স্বস্তিতে কাজ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়েছেন নওশাদ আনছারী নামে এক কর্মচারী। কর্তৃপক্ষ বরাবর আবেদনও করেছেন তিনি।
নীলফামারীর সৈয়দপুরে একটি বিমা কোম্পানির ওই কর্মচারী বৃহস্পতিবার (৮ জুন) আবেদনটি করেছেন। বিষয়টি নিশ্চিত করছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এসরাফ আহমেদ।
জানা গেছে, নওশাদ আনছারী সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির সৈয়দপুর শাখায় কম্পিউটার অপারেটর পদে কাজ করেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন, সারাদেশে তীব্র দাবদাহ বইছে। সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। বৃষ্টিহীন অসহ্য গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে প্যান্ট পরে একটানা কাজ করা দুরূহ হয়ে পড়েছে।
এতে শরীরের নানা স্থানে চুলকানিও শুরু হয়েছে জানিয়ে তিনি লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়েছেন। বিদ্যুৎ না থাকায় কম্পিউটারে কম্পোজও করতে পারেননি। এ জন্য হাতে লিখে আবেদনটি করেছেন। বিষয়টি বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ করেছেন নওশাদ আনছারী।
এ বিষয়ে নওশাদ আনছারী বলেন, আমি মন থেকে আবেদনটি করেছি। অনেকেই এ নিয়ে হাসি-ঠাট্টা হিসেবে নিলেও বিষয়টি বাস্তব। চিঠির উত্তর পাইনি। তবে ভালো সিদ্ধান্ত আশা করছি।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির সৈয়দপুর শাখার ব্যবস্থাপক এসরাফ আহমেদ বলেন, লুঙ্গি পরে অফিস করার দাবিতে আবেদন পেয়েছি। তবে এ বিষয়ে আলোচনা হয়নি। রোববার কথা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
