ঢাকাঃ চলছে ফলের মৌসুম। বাজার ইতিমধ্যে কাঁঠাল, আম, লিচু, তরমুজ বিভিন্ন মৌসুমি ফলে ছেয়ে গেছে। তবে অনেক সময় পাকা বা ভালো বলে কাঁচা ফল ধরিয়ে দেন বিক্রেতারা। এ ছাড়া অনেক মিষ্টি হবে ভেবে বাসায় ফল আনার পর তা আর খাওয়ার উপযুক্ত থাকে না।
সময় এখন পাকা কাঁঠালের। স্বাদে অতুলনীয় মিষ্টি পাকা কাঁঠালে আছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও চিনি। কিন্তু পাকা ও মিষ্টি কাঁঠাল চিনতে অনেকেই ভুল করেন।
তাহলে বাহির থেকে কীভাবে বুঝা যাবে যে কাঁঠালটা পরিপক্ক এবং খেতে মিষ্টি হবে। চলুন জেনে নেই কিছু উপায়।
১. কাঁঠালটি মিষ্টি কি না, তা বোঝার জন্য প্রথমেই নজর দিন কাঁঠালের রং এ। পাকা কাঁঠালের রং ই আলাদা হয়। যদি দেখেন, কাঁঠালের অনেকটা অংশ সবুজ, তাহলে বুঝতে হবে কাঁঠালটি এখনো পাকেনি। কাঁচা থাকলে স্বাভাবিকভাবেই কাঁঠাল মিষ্টি হবে না। কাঁঠালের রং যদি হলুদ হয়, তাহলে সেই কাঁঠালটি পাকা। কাঁঠাল পাকলে তা মিষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
২. কাঁঠাল চেনার অন্য একটি উপায় হলো গন্ধ পরীক্ষা করা। যদি কাঁঠাল পাকা হয়, তবে মিষ্টি একটা গন্ধ আসবে। পাকা কাঁঠালের সুগন্ধ ছড়াবে। কাঁঠালের গন্ধ অত্যন্ত তীব্র ও সুমিষ্ট। ফলে কাঁঠাল যদি সত্যি পাকা হয় তাহলে কাঁঠালের পাশে গেলেই গন্ধ পাবেন।
৩. কাঁঠাল ভালো কি না, তা চেনার আরও একটি উপায় হলো–হাত দিয়ে কাঁঠালটি আলতো করে চেপে দেখা। কাঁঠালটি শক্ত থাকলে তা না কেনাই ভালো। আর যদি দেখেন, কাঁঠালটি নরম, তাহলে তা পাকা হওয়ার সম্ভাবনা থাকবে।
৪. অনেক সময় ক্রেতার চাহিদায় কাঁঠাল ভেঙে বা কেটে বিক্রি করা হয়। এভাবে কাঁঠাল কেনার ক্ষেত্রে ভেতরের কোষগুলো যেন অক্ষত, নরম ও তাজা থাকে, তা দেখে কেনাই বুদ্ধিমানের কাজ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৫/২০২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
