এইমাত্র পাওয়া

আলোচিত ছাত্রলীগ নেতা টিপুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

অবশেষে নাটোরের সেই আলোচিত ছাত্রলীগ নেতা টিপুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে এরই মধ্যে ব্যবস্থা করা হয়েছে টিপুর পায়ের চিকিৎসাও।

বুধবার (১০ মে) সকালেই চিকিৎসা শুরু হয়েছে টিপুর। ভর্তি করা হয়েছে জাতীয় অর্থপেডিক হাসপাতালে।আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি গণমাধ্যম ও টিপু সুলতানের পরিবারকে নিশ্চিত করেছেন।

টিপুর অবস্থা কিছুটা জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে, তার চিকিৎসা তত্ত্বাবধানের জন্য হাসপাতালের পরিচালককে প্রধান করে ৫ সদস্যের একটি গঠন করা হবে।

এত অল্প সময়ে টিপুর চিকিৎসা শুরু হবে সেটা যেন ভাবতেও পারছেনা টিপু। তাই হাসপাতালে ভর্তি হয়ে অনেক খুশি টিপু কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

টিপুর পাশে দাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিপুর এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে, টিপু সুলতান ও তার বোন সেবার চাকরির ব্যবস্থা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় এমপি শহিদুল ইসলাম বকুল। সোমবার রাতে টিপু সুলতানের বাবা শাহজাহান আলী, মা নীলুফা ইয়াসমিনের সঙ্গে স্থানীয় এমপির কথোপকথনের ৬ মিনিট ৮ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মঙ্গলবার দুপুরে একই আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ টিপু সুলতানকে অফিস সহায়ক পদে চাকরির ব্যবস্থা করার জন্য বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে প্রস্তাব দিয়েছেন। বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তারপরও শেষ পর্যন্ত টিপু সুলতান ও তার অনার্স পড়ুয়া বোন কোনো চাকরি পাবেন কিনা বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাদের বাবা। বাংলায় অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত মেয়ে সেবা ও টিপু সুলতানের চাকরির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তাদের বাবা শাহজাহান আলী।

ভাইরাল অডিওতে এমপি শহিদুল ইসলাম বকুলকে বলতে শোনা যায়, টিপু সুলতান কখনোই তার কাছে সহযোগিতা ও চাকরির জন্য আসেননি। অন্য মানুষের ইন্ধনে তার (এমপি বকুল) ক্ষতি করার জন্য টিপু সুলতান এসব করছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর অনুরোধে তিনি স্থানীয় একটি বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করলেও টিপু ভাইভা বোর্ডে হাজির হননি।

এর আগে চিকিৎসার খরচ যোগাতে ঢাকায় রিক্সা চালাচ্ছেন ছাত্রলীগের এক সভাপতি শিরোনামে সংবাদ প্রকাশ করে বাংলাভিশন। ওই সংবাদ প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের নজরে আসার পর টিপুর বিষয়টি সামনে আসে। তারই ধারাবাহিকতায় সহায়তা পেলেন টিপু।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.