ময়মনসিংহঃ জেলার ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ১৮ ঘণ্টা পর জোহাহের আকসির জাহিন (১৭) নামের এক কলেজছাত্রের মরদেহ ভেসে উঠেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর জেলখানা গুদারাঘাট এলাকায় ওই কলেজছাত্রের মরদেহ ভেসে উঠে। গত বুধবার দুপুরে ব্রহ্মপুত্র নদে নেমে সে নিখোঁজ হয়।
নিহত জোহাহের আকসির জাহিন নগরীর চরপাড়া নয়াপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। সে নটরডেম কলেজ ময়মনসিংহ শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকালে জোহাহের তার বাবার সঙ্গে কলেজ বদলিজনিত কাজে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে যায়। সেখানে কাজ সেরে দুপুর ১২টার দিকে সে যায় ব্রহ্মপুত্র নদের পাড়ে বেড়াতে। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলে ফিরে না আসায় তার বাবা খুঁজতে বের হন এবং মোবাইল ফোনে কল করেন। তবে, জোহাহের কল রিসিভ করেনি।
একপর্যায়ে নদের পাড়ে কাজ করা বালু শ্রমিক কল রিসিভ করে জানান, তিনি মোবাইলটি ব্রহ্মপুত্র নদের পাড়ে পেয়েছেন। পরে জোহাহের এর স্বজনরা নদের পাড়ে জুতা, চশমা খুঁজে পান।
বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসে জানালে তারা উদ্ধার অভিযান শুরু করে। ওই দিন ফায়ার সার্ভিসের ডু্বুরি দল বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালান। তবে, খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেন এবং পরদিন আবারও খোঁজা হবে বলে জানান। এই ঘটনার পরের দিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্রহ্মপুত্র নদে তার মরদেহ ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছেন। মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
