এইমাত্র পাওয়া

শিক্ষক নিয়োগে দুর্নীতি: মমতার দলের আরও এক নেতা গ্রেফতার

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন পশ্চিমবঙ্গের নির্বাচিত জনপ্রতিনিধি জীবনকৃষ্ণ সাহা। তিনি মুরশিদাবাদের বড়ঞা বিধানসভা আসনের তৃণমূল বিধায়ক। এর আগে একই অভিযোগে গ্রেফতার হন মমতার দুই বিশ্বস্ত সহচর ও বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবং বিধায়ক মানিক ভট্টাচার্য।

শুক্রবার (১৪ এপ্রিল) গভীর রাতে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থা সিবিআই। বাড়িতেই তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন গোয়েন্দারা। এ সময় জীবনকৃষ্ণ তার হাতে থাকা দুটো মোবাইল ফোন বাড়ির বাইরের পুকুরে ফেলে দেন। পরে সিবিআই গোয়েন্দারা পুকুর সেঁচে একটি মোবাইল ফোন উদ্ধার করেন। বাকি একটি উদ্ধারে অভিযান অব্যহত রেখেছেন।

সিবিআইয়ের উদ্বৃতি দিয়ে কলকাতার গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৫টায় জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে কলকাতার দিকে রওনা হন গোয়েন্দারা।

ধারনা করা হচ্ছে, কলকাতায় নিমাজ প্যালেসে সিবিআইয়ের রাজ্য দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজই আদালতে হাজির তুলে রিমান্ডের আবেদন করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বেশ কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে তৃণমুলের একাধিক বিধায়কের ওপর নজরদারি শুরু করেছে সিবিআই। বিশেষ করে চাকরিপ্রার্থী এমন অনেকের সঙ্গে গোয়েন্দারা কথা বলে বেশ কয়েকটি জেলায় তৃণমূল কংগ্রেসের বিধায়কদের একটি সিন্ডিকেটের খোঁজ পেয়েছেন। সেই তালিকায় অন্যতম ছিলেন জীবনকৃষ্ণ সাহা। জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকেও বেশ কিছু তথ্য প্রমাণ মিলেছে বলেও দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম।

দলীয় বিধায়কের বাড়িতে সিবিআিই তল্লাশি এবং গ্রেফতার নিয়ে তৃণমূল কংগ্রেস এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তৃণমূল বারবার সিবিআইকে রাজনৈতিকভাবে তাদের বিরদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে আসছে।

তবে এই ইস্যুকে কেন্দ্র করে মাঠে নেমে পড়েছে বিরোধী শিবির। কংগ্রস নেতা অধীর চৌধুরী বলেন, ‘আমাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করলে আমি তো ভয়ে মোবাইল ছুড়ে ফেলবো না। এতেই বোঝা যাচ্ছে আসলে মোবাইলে কি আছে।’

বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী মনে করেন, পুরো তৃণমূল কংগ্রেসটাই দুর্নীতিগ্রস্থ। রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্যর ভাষায়, ‘দুর্নীতি করলেও কেউ ছাড় পাবেন না। আর এই সরকারটাই দুর্নীতিতে তলিয়ে গেছে বহু আগে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.