এইমাত্র পাওয়া

শিক্ষা কার্যক্রম চালুর আগেই নিয়োগ বাণিজ্য

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ জনবল নিয়োগ নিয়ে নানা আলোচনা-সমালোচনায় স্থবির হয়ে পড়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। শিক্ষা কার্যক্রম চালুর আগেই নিয়োগ বাণিজ্যে জড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছে সাবেক উপাচার্য এবং সিন্ডিকেট কমিটি। অবৈধ নিয়োগের বিষয়টির সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। যদিও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য।

চিকিৎসা বিজ্ঞানে উচ্চ গবেষণার লক্ষে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই নানা অনিয়ম আর দুর্নীতিতে ভেঙ্গে পড়েছে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা। অর্থের বিনিময়ে জনবল নিয়োগ, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ আছে সাবেক উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী এবং সাবেক সিন্ডিকেট সদস্য, সাংসদ গাজী মোহাম্মদ শাহনেওয়াজ ওরফে মিলাদ গাজীর বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদিত পদের বাইরে অতিরিক্ত ১০৯ জনকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অস্থায়ীভাবে দেওয়া এসব নিয়োগে সাবেক উপাচার্যের আত্মীয়স্বজন থেকে শুরু করে একাধিক সংসদ সদস্যের স্বজনরাও আছেন।

সম্প্রতি ইউজিসির তদন্ত প্রতিবেদনে দেখা যায়, যোগ্যতা ও বয়স না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তার নিজের আত্মীয়-স্বজনদের প্রাতিষ্ঠানিক নানা গুরুত্বপূর্ণ পদে বসান।

বর্তমান উপাচার্য জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইউজিসির তদন্তে যেসব সুপারিশ করা হয়েছে সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বিষয়টিকে অপরাধ বলে মনে করেন অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন।

তিনি জানান, আগে যে নিয়োগ ছিলো, এখানে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে, এখানে যে নিয়োগ প্রক্রিয়া চলে সেটা মন্ত্রণালয় থেকে বন্ধ করে দিতে বলা হয়েছে। সেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যেগুলা করা উচিত সে অনুযায়ী নিয়োগ হবে।

তবে, দায় অস্বীকার করে সিন্ডিকেট সদস্য মিলাদ গাজী বলেন, নিয়োগে কোন অনিয়ম হয়নি।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাক্তন সিন্ডিকেট সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, এখানে আমিও সিন্ডিকেট মেম্বার ছিলাম। এক দেড় বছরের মত কাজ করেছি। এর মধ্যে একটি মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। প্রায় ৩২ জন সিন্ডিকেট মেম্বার ছিলো। কোনো নিয়োগ নিতে হলে সবারই মতামত নিতে হয়। আমার জানা মতে কোনো ধরনের অনিয়ম হয়েছে বলে আমার মনে হয় না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.