পাঁচ বছরে কুবির রক্তদাতা সংগঠন বন্ধু

কুবি প্রতিনিধি মাহফুজ কিশোর:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রক্তদাতা সংগঠন বন্ধুর ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এরই মধ্য দিয়ে পাঁচ বছরে পদার্পণ করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন কোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, বন্ধুর উপদেষ্টা বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, উপদেষ্টা মো. হারুন, মো. আবু বকর সিদ্দিক।

বন্ধুর সভাপতি মো. আশরাফুল রহমান ভুঁইয়ার সভাপতিত্বে এবং অর্থনীতি ১১তম ব্যাচের আসমা উল হোসনা মীম ও বাংলা ১২তম ব্যাচের মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি দুইটি পর্বে আয়োজিত হয়।

প্রথম পর্বে  ‘স্বাস্থ্যকথা- ২’ বিষয়ক সেমিনারে অস্টিওপোরোসিস ও হাড়ের সুরক্ষা ব্যাপারে কথা বলেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খাঁন। এই আলোচনার ওপর নির্ভর করে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শাহজালাল রিফাত। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে জুবায়ের আহম্মেদ ও ফাহমিদা নিঝুম। তাঁরা উভয়-ই বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। পরবর্তী সময়ে এই তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালী শেষে  কেক কাটার মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, যারা রক্ত দেয়, তাঁরাই প্রকৃত বীর। যারা রক্ত দিয়ে মানুষে সাহায্য করেন, তাঁরাই প্রকৃত সফল।

‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ’- এই শ্লোগানে কাজ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.