এইমাত্র পাওয়া

মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়ায় মুখ্যমন্ত্রীকে জরিমানা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে মামলা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এই জানতে চাওয়ার কারণে মোটা অঙ্কের জরিমানা গুনতে হলো কেজরিওয়ালকে।

গুজরাট হাই কোর্ট গতকাল সাফ জানিয়ে দিয়েছেন, মোদির শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনা অপ্রয়োজনীয়। অহেতুক মামলা করায় দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হলো। চার সপ্তাহের মধ্যে সেই টাকা জমা করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

আদালতের রায়ের কথা শুনে কেজরিওয়াল বলেন, ‘দেশের মানুষের কি জানার অধিকার নেই আমাদের প্রধানমন্ত্রী কতটা শিক্ষিত? ওরা আদালতে ডিগ্রি দেখাতে এত আপত্তি করছেন কেন? যে ব্যক্তি ডিগ্রি দেখতে চাইলেন, তাঁকেই জরিমানা করা হলো? কী হচ্ছে এসব! একজন অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত প্রধানমন্ত্রী দেশের জন্য বিপজ্জনক।’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রিসংক্রান্ত তথ্য প্রকাশ্য আনার দাবিতে বছর সাতেক আগে ওই মামলাটি করেন।

আহমেদাবাদে মোদিবিরোধী পোস্টার, গ্রেফতার আট : সারা দেশে মোদিবিরোধী প্রচার শুরু করেছে আম আদমি পার্টি। তারই অঙ্গ হিসেবে গুজরাটের আহমেদাবাদের বিভিন্ন এলাকা ছেয়ে গিয়েছিল ‘মোদি হঠাও দেশ বাঁচাও’ পোস্টারে। এ পোস্টার কান্ডে যুক্ত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। কিছুদিন আগে দিল্লিতেও দেখা গিয়েছিল একই ছবি। বিভিন্ন এলাকায় লাগানো হয়েছিল মোদিবিরোধী পোস্টার। এ ঘটনায় একাধিক এফআইআরের পাশাপাশি ধরপাকড়ও করেছিল পুলিশ। গুজরাটে আপপ্রধান ইসুদান গাধভি বলেছেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে, তারা আপ কর্মী।’ তার দাবি, ভয় পেয়েই আপ কর্মীদের গ্রেফতার করিয়েছে বিজেপি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.