এইমাত্র পাওয়া

ঈদের আগে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করতে চায় পিএসসি

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন ঈদুল আযহার পূর্বেই ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দ্বিতীয় পরীক্ষকের খাতা মূল্যায়নের কাজ শেষ হওয়ায় এই পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) পিএসসি’র এক কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত করেছেন।

 একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে বেশ আগেই। এখন খাতা পুনর্নিরীক্ষার কাজ চলছে। এই কাজও শেষের দিকে। অল্প কিছু খাতা পুনর্নিরীক্ষার কাজ বাকি রয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে পারলে ঈদের আগেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

পিএসসি’র কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম এবং দ্বিতীয় পরীক্ষকের দেওয়া নম্বরের ব্যবধান দেখতেই মূলত খাতা পুনর্নিরীক্ষা করা হয়। দুই পরীক্ষকের দেওয়া নম্বরের পার্থক্য ২০ শতাংশের বেশি হলে খাতা তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এছাড়া নম্বর গণনায় কোনো ভুল হয়েছে কি না সেটিও দেখা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা বলেন, আমরা মার্চের মধ্যে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চেয়েছিলাম। তবে কিছু কারণে তা সম্ভব হয়নি। আমরা রোজার ঈদের আগেই ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করতে চাই।

তিনি আরও বলেন, ৪৩তম বিসিএসের খাতা মূল্যায়নে কোনো ভুল হয়েছে কি না; প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের নম্বরের পার্থক্য কত এই বিষয়গুলো দেখা হচ্ছে। আশা করছি এপ্রিলের প্রথম সপ্তাহে এই কাজ শেষ হবে। এরপর ৪৩তম বিসিএসের লিখিতের ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, আমরা এপ্রিলের মধ্যে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই। চলতি বছরেই এই বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ২৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.