এইমাত্র পাওয়া

ষষ্ঠ শ্রেণির ক্লাসে পর্ন নিয়ে আলোচনা, চাকরি গেল প্রধানশিক্ষিকার

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ষষ্ঠ শ্রেণির ক্লাসে পর্নোগ্রাফি নিয়ে আলোচনা করার অভিযোগ উঠেছে স্কুলের প্রধানশিক্ষিকার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। আর চাপের মুখে চাকরি ছাড়তে বাধ্য হন প্রধানশিক্ষিকা। শনিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার তাল্লাহাসি ক্লাসিক্যাল স্কুলের প্রধানশিক্ষিকা হোপ ক্যারাসকিল্লা ষষ্ঠ শ্রেণিতে রেনেসাঁর শিল্পকলা প্রসঙ্গে ক্লাস নিচ্ছিলেন। একপর্যায়ে ইতালির বিখ্যাত শিল্পী মাইকেলেঞ্জেলোর ভাস্কর্য ‘ডেভিড’ নিয়ে আলোচনা করেন তিনি। এদিকে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন অভিভাবকরা। তাদের অভিযোগ, নগ্ন পুরুষের মূর্তিটির মাধ্যমে শিক্ষার্থীদের পর্নোগ্রাফি চিনিয়ে দিয়েছেন প্রধানশিক্ষিকা।

তারা প্রধানশিক্ষিকার বিরুদ্ধে প্রতিষ্ঠানের কাছে অভিযোগ দেন এবং পরবর্তীতে এ ধরনের পাঠ দেওয়ার আগে বিজ্ঞপ্তি জারি করে অভিভাবকদের অবগত করতে বলা হয়। এরপরেই প্রধানশিক্ষিকাকে পদত্যাগের জন্য চাপ দেয় স্কুল কর্তৃপক্ষ। পদত্যাগের পর সংবাদমাধ্যমে শিক্ষিকা বলেন, আমি অত্যন্ত দুঃখিত এই প্রতিষ্ঠানে আমার দীর্ঘ যাত্রা এ ভাবে শেষ হল।

১৫০১ থেকে ১৫০৪ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয় মাইকেলেঞ্জেলোর ভাস্কর্য ‘ডেভিড’। এই মূর্তিকে কেন্দ্র করে শিল্পের স্বাধীনতা নিয়ে বিতর্ক দীর্ঘ দিনের। ফ্লোরিডার শিক্ষিকা ক্লাসে ‘ডেভিড’ ছাড়াও রেনেসাঁ শিল্পকলার আরও একাধিক বিখ্যাত ভাস্কর্য নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছিলেন। কিন্তু বিতর্কের মাঝে পদত্যাগ করতে হলো তাকে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.