এইমাত্র পাওয়া

কৃচ্ছ্রতা সাধন: এবার ইফতার পার্টি করবে না আ’লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ এবার কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কোনো ইফতার পার্টি করবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন কৃচ্ছ্রতা সাধন করবেন। এই বৈশ্বিক সংকটে গরিব মানুষের জন্য ইফতার ও খাদ্য সামগ্রী দলের পক্ষ থেকে তুলে দেবেন। ইফতার পার্টি করতে নেত্রী বারণ করেছেন। গণভবনেও কোনো ইফতার পার্টি হচ্ছে না।’

এ সময় সহযোগী সংগঠনের উদ্দেশ্য তিনি বলেন, ‘বড় বড় ইফতার পার্টির প্রয়োজন নেই। জিনিসপত্রের ঊর্ধ্বগতি কারণে যারা কষ্টে আছেন আমরা তাদের পাশে দাঁড়াব। তাদের কাছে ইফতার সামগ্রী পৌঁছাব। দলীয়ভাবে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। এই টাকা গরিবের মধ্যে বিতরণ করুন। এটা নেত্রীর নির্দেশ, আমি আপনাদের জানিয়ে রাখলাম।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.