এইমাত্র পাওয়া

সংবিধানে কর্মকর্তা বলে কিছু নেই, সবাই কর্মচারী

নিজস্ব প্রতিবেদক।।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সংবিধানে কর্মকর্তা বলে কোনো শব্দ নেই৷ আইনগতভাবে সবাই আমরা কর্মচারী। আমরা একটু খুশি হওয়ার জন্য কর্মকর্তা বলি। কিন্তু দেশের জনগণই আমাদের কর্তা। তাদের সম্মান করতে হবে৷ তাদের সেবা করতে হবে৷ জনগণই দেশের মালিক। সরকারি কর্মচারীদের প্রধান কাজই জনগণের সেবা করা।

আজ শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহীদ তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামাঞ্চলের মানুষের শ্রেষ্ঠ বন্ধু শেখ হাসিনা। তিনি গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। ভারতের চেয়েও আমরা এগিয়ে। বিদ্যুৎ ঘরে ঘরে দিয়েছি আমরা যা ভারত পাকিস্তানেও নেই। আরো অনেক কিছুতেই এগিয়ে আছি আমরা। আমাদের বীর সৈনিকরা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞতা স্বীকার করতে হবে৷ তাদেরকে মনে রাখতে হবে৷ স্বাধীনতার মহানায়ক জাতির পিতার আদর্শকে বুকে লালন করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে৷

উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।

সভা শেষে দুপুরে পরিকল্পনামন্ত্রী শান্তিগঞ্জ উপজেলার ঈশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়কেন্দ্র নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.