নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাটঃ জেলার পাঁচবিবিতে নতুন কারিকুলামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের সপ্তম শ্রেণির সাত বিষয়ের নতুন বই এখনো হাতে পায়নি শিক্ষার্থীরা। নতুন বই ও সরকার নির্ধারিত নতুন ক্লাস রুটিনে ১ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হলেও বই না থাকায় ক্লাস নিতেও পারছেন না শিক্ষকরা। শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস করতে না পারায় সামষ্টিক ও বাৎসরিক মূল্যায়নের ক্ষেত্রে তাদের সময় বাড়াতে হবে বলে মনে করছেন শিক্ষকরা।
সপ্তম শ্রেণির নতুন বই না পাওয়া বিষয়গুলো হলো ইংলিশ ফর টুডে, গণিত, চারুপাঠ, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ও নৈতিক শিক্ষা বিষয়ের বই। এ ছাড়া শিক্ষক সহায়িকা গাইডও হাতে পাননি শিক্ষকরা।
জানা যায়, চলতি শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য সরকার নতুন কারিকুলামে নতুন পাঠ্যসূচি অনুযায়ী পাঠদানের জন্য নির্দেশনা দেয়। ১ জানুয়ারি ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য বিনা মূল্যে বই বিতরণ উৎসব হলেও সপ্তম শ্রেণির পাঠ্য বইয়ের সাত বিষয়ের বই বিতরণ করা হয়নি। নতুন বছরের দুই মাস পেরিয়ে চলতি মার্চ মাসেও শিক্ষার্থীরা হাতে বই পায়নি। আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস উপলক্ষে স্কুল বন্ধ থাকার সরকারি নির্দেশনা আছে। বই না পেলে শিক্ষা বছর থেকে চার মাস পিছিয়ে পড়বে শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান জানান, পাঠ্য বইয়ের চাহিদা পাঠানো হয়েছে, এনসিটিবি বই সরবরাহ করলেই শিক্ষার্থীরা নতুন বই পাবে। তবে কবে নাগাদ বই পাওয়া যাবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
