নিউজ ডেস্ক।।
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হতে পারে আজ রোববার অথবা আগামীকাল। ইতিমধ্যে ওএমআর শিট দেখার কাজ শেষ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ফল প্রকাশের পর তিনভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা। শনিবার (১১ মার্চ) বুয়েট এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
জানা গেছে, ফলাফল প্রকাশের পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।
এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪০৪ জন। সূত্র জানায়, রাতে ওএমআর স্ক্রিনিং শেষ হলে রোববার (১২ মার্চ) বিকেলে ফল প্রকাশ করা হবে। রাতে কাজ শেষ করতে না পারলে সোমবার (১৩ মার্চ) ফল প্রকাশ করা হবে।
গত শুক্রবার (১০ মার্চ) সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানী ছাড়াও ১৪টি জেলা শহরে মেডিকেল কলেজের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরগুলোর মধ্যে ছিল- রাজশাহী, পাবনা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, দিনাজপুর, বগুড়া ও গোপালগঞ্জ।
বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএসে চার হাজার ৩৫০টি আসন রয়েছে। মেধা কোটায় তিন হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩৩ জন ভর্তির সুযোগ পাবেন। আসনপ্রতি এবার লড়েছে প্রায় ৩২ জন।
৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবেন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে। পাশাপাশি প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
