নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারের বিস্ফোরণে নিহত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মানসুর হোসাইন (৪৩) ও মো. আল-আমিন (২৩)। তাঁরা সম্পর্কে খালাতো ভাই। আজ বুধবার সকাল ৮টার দিকে দুই ভাইয়ের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে।
মানসুর হোসাইন উত্তর ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মিয়াজীর ছেলে। মানসুরের পাঁচ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। অন্যদিকে আল-আমিন উপজেলার ষাটনল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন পুত্র।
বুধবার সকাল ১০টার দিকে ছেংগারচর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দারুচ্ছুন্নাত ছালেহিয়া মফিজুল ইসলাম দীনিয়া মাদ্রাসা মাঠে মানসুরের জানাজা হয়। এ সময় তাঁর বাবা মোশারফ হোসেন মিয়াজী সন্তানের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।
জানাজায় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. আহসান হাবীব, পৌর যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন প্রমুখ।
গতকাল মঙ্গলবার বিকেলে মানসুর ও আল-আমিন টাইলস কেনার জন্য সিদ্দিকবাজারের ওই মার্কেটে গিয়েছিলেন বলে জানা গেছে। তখন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরিবার সূত্র জানায়, আল-আমিন ঢাকায় তাঁর খালার বাসায় থেকে এইচএসসি পাস করেন। উচ্চ শিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদিকে মানসুর ঢাকায় তাঁর বাবার সঙ্গে ব্যবসা করতেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
