নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষা দ্রুত আয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং কমিশন সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।
তিনি বলেন, বিগত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভর্তি কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নে শুরু করতে তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
সোমবার ভার্চুয়াল প্লাটফর্মে বিগত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভর্তি কার্যক্রম পর্যালোচনা সভায় কমিশন সদস্য এ আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ আলমগীর বলেন, বিজ্ঞপ্তি ও প্রসপেক্টাসে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল শর্ত ও তথ্য উল্লেখ করতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়া অবধি এসব শর্তসমূহ অপরিবর্তিত রাখতে হবে। এ সময় তিনি ভর্তি পরীক্ষা প্রক্রিয়ায় ব্যবহৃত সফটওয়্যার হালনাগাদ করে শিক্ষার্থীবান্ধব করার পরামর্শ দেন। তিনি সংশ্লিষ্ট কমিটিকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনকৃত শিক্ষার্থীকে তাদের পছন্দমতো স্থানে ভর্তি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।
ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন কমিশন সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এমদাদুল হক, কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, চুয়েট, কুয়েট ও রুয়েট- এর সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকটিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান এবং ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিভিশনের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
