ইচ্ছে মতো অফিসে আসেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ ঘড়ির কাটায় তখন সকাল ৯টা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক শুরু হয়েছে দাপ্তরিক সময়। কিন্তু এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরগুলোতে ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। অধিকাংশ দপ্তরে গিয়ে দেখা মিলে এক-দুইজন কর্মচারীর। উপস্থিত নেই অধিকাংশ কর্মকর্তারা।

সোমবার (০৬ মার্চ) সকালে ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘুরে দেখা যায়, অধিকাংশ দপ্তরের কক্ষে নেই কর্মকর্তা-কর্মচারীরা। তালাও খোলা হয়নি কোন কোন দপ্তরের কক্ষের। সবচেয়ে বেশি তালাবদ্ধ কক্ষের দেখা মিলে তৃতীয় তলায়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কল্যাপসিবল গেটের তালা খুলতে দেখা যায় সকাল ৯টা ১২ মিনিটে। ভিতরে প্রবেশ করলে একজন কর্মচারী ছাড়া দেখা মিলেনি ডাক্তার ও নার্সের। এছাড়াও পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের করিডোরে এবং নিরাপত্তা দপ্তরের ১২১ নম্বর কক্ষে খোশ গল্প করতে দেখা গেছে কয়েকজনকে।

দাপ্তরিক সময়ে কর্মকর্তা কর্মচারীদেরকে কক্ষে না থাকাকে কর্তৃপক্ষের উদাসীনতার ফল বলে মনে করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে দাপ্তরিক কাজে গেলেও হয়রানির স্বীকার হন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, একাডেমিক শাখায় গিয়ে একটা সাইন নেওয়ার জন্য এক ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকতে হয় রুমের বাইরে। একই সেশনের আরেক শিক্ষার্থী রুবেল মিয়া অভিযোগ করেন, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সার্টিফিকেট উত্তোলনের জন্য দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সময় দেয়া থাকলেও নির্দিষ্ট সময়ে ওই কক্ষে দায়িত্বরত কাউকে পাওয়া যায় না।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী বলেন, এ বিষয়ে আগেও আমরা একাধিকবার বলেছি। ইতোমধ্যেই কর্মকর্তা ও কর্মচারীদের অফিস আচরণবধি নিয়ে প্রশিক্ষণের আয়োজন করেছি। আশা করি এটা দ্রুত সমাধান হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.