এইমাত্র পাওয়া

এএসআইর ঘুষের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঃ জেলায় এক পুলিশ সদস্যের ঘুষ নেওয়া ও পা টিপিয়ে নেওয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে প্রকাশ্যে তাকে সিগারেট খেতে খেতে পা টেপাতে ও ঘুষ নিতে দেখা যায়।

বুধবার রাতে ওই ভিডিওটি ভাইরাল হয়। অভিযুক্ত রেজোয়ান আলী জেলার হরিণাকুণ্ডু থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তিনি হরিণাকুণ্ডু থানায় কর্মরত।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি দোকানে বসে সিগারেট টানছেন এএসআই রেজোয়ান আহমেদ। পাশে দাঁড়িয়ে চটকাবাড়িয়ার আশিকুর নামে একজন তার পা টিপতে টিপতে তার পকেটে ৫০০ টাকার একটি নোট দিচ্ছেন।

এ বিষয়ে আশিক বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি তার চাচার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর তিনি থানায় একটি অভিযোগ দেন। পরদিন ২ পরিবারের মধ্যস্থতায় বিষয়টি আপস করা হয় এবং ২৮ ফেব্রুয়ারি একটি আপসনামা থানায় জমা দিতে যান। সে সময় থানার এএসআই রেজোয়ানের কাছে আপসনামা নিয়ে গেলেই তিনি উত্তেজিত হয়ে গালাগাল করে বলতে থাকেন নিজেরাই যদি আপস করবি তবে পুলিশ কী করবে। বলতে বলতে তিনি আপসনামার কাগজ ছুঁড়ে ফেলে দেন। এরপর আপস করা বাবদ তিনি আশিকের কাছে টাকা দাবি করেন। কিন্তু আশিক টাকা সংগ্রহ করে তার কাছে গেলে তিনি টাকার সঙ্গে এক প্যাকেট সিগারেটও নেন।’

এদিকে এএসআই রেজোয়ান আহমেদের এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী। এএসআই রেজোয়ানের চাঁদাবাজি, মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, আটক বাণিজ্য ও মাদক বাণিজ্যে তার সম্পৃক্ততার অনেক বিষয় এখন বের হতে শুরু করেছে।

স্থানীয়রা জানান, টাকা ছাড়া কোনো কাজই করেন না এএসআই রেজোয়ান। ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি সিগারেট পর্যন্ত ঘুষ নেন। বিভিন্ন সময় নিরীহ মানুষকে আটক করে ভয়-ভীতি দেখিয়ে তিনি মোটা অংকের টাকা নিয়েছেন বলে জানা যায়।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, যে কোনো মামলার তদন্তভার তার ওপর গেলে তিনি বাদী ও আসামি উভয় পক্ষের কাছ থেকেই টাকা নেন। এক্ষেত্রে টাকা ছাড়া তিনি কোনো কাজই করেন না। বিভিন্ন সময় নিরপরাধ ব্যক্তিকে মাদক দিয়ে চালান করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। ৫ মাস আগে উপজেলা মোড়ের এক ব্যবসায়ীকে এএসআই রেজোয়ান গাঁজা দিয়ে চালান দেন বলে অভিযোগ রয়েছে। একটি অভিযোগের তদন্ত করতে গিয়ে সাংবাদিক মাহফুজুর রহমানের কাছ থেকে ২ হাজার টাকা ঘুষ নেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.