এইমাত্র পাওয়া

একই জেলার মধ্যে প্রাথমিকের শিক্ষক বদলি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের একই জেলার মধ্যে আন্তঃউপজেলা বা থানায় বদলির আবেদন গ্রহণ আজ মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। আগামী ৩রা মার্চ পর্যন্ত অনলাইনে নির্ধারিত সার্ভারে (http://ttms.dpe.gov.bd/login) লগইন করে শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। আগামী ৯ই মার্চের মধ্য বদলির কার্যক্রম শেষ করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আন্তঃউপজেলা বদলিতে শিক্ষকরা সর্বোচ্চ তিনটি করে স্কুল পছন্দের সুযোগ পাবেন।
সোমবার এসব তথ্য জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, ২৮শে ফেব্রুয়ারি থেকে ৩রা মার্চ পর্যন্ত শিক্ষকরা অনলাইনে একই জেলার মধ্যে আন্তঃউপজেলা বা থানার শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হতে আবেদন করতে পারবেন। আগামী ৪ঠা মার্চ থেকে ৫ই মার্চ পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসাররা প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন। ৬ ও ৭ই মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের বদলি সংক্রান্ত কাজ করতে হবে। আর আগামী ৮ ও ৯ই মার্চ বিভাগীয় উপপরিচালকরা বদলির সব কার্যক্রম শেষ করবেন।

শিক্ষকদের বদলির আবেদনের বিষয়ে চারটি শর্ত দেয়া হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনও শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনও আবেদন গ্রহণযোগ্য হবে না।

যাচাইকারী কর্মকর্তাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২২শে ডিসেম্বর জারি করা সর্বশেষ সংশোধিত সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী শিক্ষকদের বদলির আবেদন ও কাগজপত্র যাচাই করতে হবে।

কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। যাচাই করে পাঠানোর পর তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম জামান/২৮/০২/২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.