এইমাত্র পাওয়া

কলেজছাত্রীকে ব্লেড দিয়ে জখম, দুই বখাটের বিরুদ্ধে মামলা

অনলাইন  ডেস্ক :

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নুসরাত জাহান স্বর্ণা (১৭) নামে এক কলেজছাত্রীকে ব্লেড দিয়ে আহত করার ঘটনায় দুই বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাতে ওই ছাত্রীর নানা মুক্তিযোদ্ধা আবদুল লতিফ হাওলাদার বাদী হয়ে শহিদুল ইসলাম দুলাল (২৮) ও তার সহযোগীসহ দুই জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। আহত ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে।

মামলা ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সামসুল হকের ছেলে বখাটে শহিদুল ইসলাম দুলাল দীর্ঘদিন ধরে শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনায় ওই ছাত্রীর নানা গত বছর ২ মে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

ঘটনার দিন সোমবার বিকালে ওই কলেজছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বখাটে শহিদুল পুনরায় তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়ে ধারালো ব্লেড দিয়ে ছাত্রীর বাম হাতে রক্তাক্ত জখম করে। এ সময় সে নিজেও ওই ব্লেডে আহত হয়ে পালিয়ে যায়।

পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, কলেজছাত্রীর ওপর বখাটের হামলার খবর পেয়ে ঘটনাস্থল তাৎক্ষণিকভাবে পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading