নিউজ ডেস্ক।।
সিরাজগঞ্জের রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে নীতিমালা অমান্য করে বিনা রশিদে ৭০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কলেজ শিক্ষার্থী ও অভিভাবকরা এ অভিযোগ করেন। পরে সাংবাদিকদের উপস্থিতি দেখে টাকা নেওয়া বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, কলেজের নোটিশ বোর্ডে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। এতে আনুষঙ্গিক শিক্ষা উপকরণ সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়। অভিযোগ পাওয়া যায়, এজন্য প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে বিনা রশিদে ৭০০ টাকা করে নেওয়া হচ্ছিল। তবে নোটিশ বোর্ডে কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছিল তার উল্লেখ করা ছিল না।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে তিনটি বিভাগে মোট ৯৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘আমাদের নিকট থেকে ৭০০ টাকা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বিনা রশিদে কেন টাকা নেওয়া হচ্ছে জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ জানান, পরে জানিয়ে দেওয়া হবে।’
একাদশ শ্রেণির শিক্ষার্থীর এক অভিভাবক জানান, ‘কেন এতো টাকা নেওয়া হচ্ছে আমার জানা নেই। এখানে মেয়েকে পড়াচ্ছি, এ কারণে তারা যা বলবে শুনতে হবে।’
আরেক অভিভাবক ইয়াছমিন খাতুনসহ একাধিক অভিভাবক বলেন, ‘৭০০ টাকা নিচ্ছে, কিন্তু কোন রশিদ বা কোন কাগজ দেয়নি।’
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ ড. মো. খাদেমুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কলেজে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ব্যাচ, সোল্ডার, ফোল্ডার ও দ্বিবার্ষিক শিক্ষা পরিকল্পনার একটি বই দেওয়ার জন্য এ টাকা নেওয়া হয়েছে।’ বিনা রশিদের টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তীতে রশিদ দিয়ে টাকা নেওয়া হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
