নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের পোস্টার ও দাওয়াত পত্রে অতিথির নাম পরে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার সমর্থকদের বিরুদ্ধে।
রবিবার দুপুরে উপজেলার কাঞ্চনবাজারে এ ঘটনা ঘটে।
আহত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, ‘তিনি স্থানীয় ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আগামী ২৩ ফেব্রুয়ারি হাটাবো এলাকাবাসীর উদ্যোগে কবরস্থানের উন্নয়নের জন্য একটি ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
সে অনুষ্ঠানের দাওয়াত কার্ড ও পোস্টারে অতিথি হিসেবে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির নাম পরে লেখায় ক্ষিপ্ত হয়ে- তিনিসহ তার সহযোগী বাছির, মতিউর রহমান, লোহা শাহিন, মঞ্জুর আলম, মতিন ও খোকনসহ ১০-১২ জন লোহার রড ও লাঠিসোঠা দিয়ে প্রকাশ্যে তাকে পিটিয়ে জখম করে। ’পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় শিক্ষকের ছোট ভাই আতাউল করিম বাদী হয়েছে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত গোলাম রসুল কলি মুঠোফোনে জানান, ‘তার সমর্থক মতিনের সাথে শিক্ষক আজাদের কথা কাটাকাটি হয়।এসময় একটু হাতাহাতির ঘটনা ঘটে। পরে তিনি ঘটনার মীমাংসা করে দেন। ’
অপরদিকে, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন জানান, শিক্ষককে মারধরের ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
