নিজস্ব প্রতিবেদক, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন আগামী ২৫ ফেব্রুয়ারি। কিন্তু সমাবর্তনে অংশগ্রহণের জন্য অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেছেন মূল সার্টিফিকেট উত্তোলন করা শিক্ষার্থীরা। আবার অনেক শিক্ষার্থী টাকা জমা দিলেও সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন পরিস্থিতিতে এর কোনো সমাধান দিতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন শিক্ষার্থীরা। এছাড়া, ওয়েবসাইট ডাউন থাকার কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে না পারায় ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। রেজিস্ট্রেশন ফি ধরা হয় স্নাতক (সম্মান) ২ হাজার ৫০০ টাকা, স্নাতকোত্তর ২ হাজার ৫০০ টাকা। আর উভয় একসাথে ৪ হাজার টাকা।
এদিকে অনেক শিক্ষার্থী জরুরি প্রয়োজনে আগেই উপাচার্যের অনুমতিক্রমে টাকা দিয়ে মূল সার্টিফিকেট উত্তোলন করে নিয়েছেন। কিন্তু তারাও সমাবর্তনে অংশগ্রহণ করতে চান। তাদের অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে বলা হয়, তাদেরকে মূল সার্টিফিকেট ফেরত বা জমা দিতে হবে অথবা গাউনের মূল্যের সমপরিমাণ ৩ হাজার টাকা (ফেরতযোগ্য) পরীক্ষা নিয়ন্ত্রকের চলতি নম্বর এ জামানত হিসেবে জমা দিয়ে জমার রশিদ সংরক্ষণ বা প্রদর্শন করতে হবে।
কিন্তু মূল সার্টিফিকেট উত্তোলন করা অনেক শিক্ষার্থী জানান, তারা রেজিস্ট্রেশন করার সময় টাকা পরিশোধের বিষয়ে জানতে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে যোগাযোগ করেন। কিন্তু কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি’র পাশাপাশি পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যাংক একাউন্টে ৩ হাজার টাকা জমা দিতে হবে। ফলে কেউ কেউ সার্টিফিকেট উত্তলন না করা শিক্ষার্থীদের মতো পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি পরীক্ষা নিয়ন্ত্রককে জমা দিয়েছেন অতিরিক্ত ৩ হাজার টাকা।
আবার অনেক শিক্ষার্থী শুধু পরীক্ষা নিয়ন্ত্রকের একাউন্টে টাকা জমা দিলেও সমাবর্তনের রেজিস্ট্রেশন করেননি এবং ফিও জমা দেননি। ফলে তারা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিস্ট্রেশন কমিটি। এতে সমাবর্তনে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিতে পারবেন না শুনে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বাইরে থেকে এসেছি শুধুমাত্র বন্ধুদের সঙ্গে সমাবর্তন উদযাপন করবো বলে। এখন প্রশাসনের নিয়ম অনুযায়ী টাকা জমা দিয়েও যদি সমাবর্তনে অংশ নিতে না পারি তাহলে এর থেকে কষ্টের আর কিছুই থাকবে না।
তবে এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. সালাউদ্দিন বলেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুতই জানাতে পারব। আশা করি এসব সমস্যার সমাধান হবে।
এ বিষয়ে সমাবর্তনের ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক এম শামীম কায়সার বলেন, আমরা বিষয়টি জেনেছি। দ্রুত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশনের সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সমন্বয় করে করে আমরা এর সমাধান করব। আশা করি যারা পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যাংক একাউন্টে টাকা জমা দিয়েছে তারা সবাই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
